Ridge Bangla

গাজায় একদিনে আরও ১১৯ ফিলিস্তিনির প্রাণহানি

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। রোববার (৩ আগস্ট) এ হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন করে ১১৯ জনের মরদেহ আনা হয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৮৬৬ জন। ফলে গাজার আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীদের পক্ষে অনেক স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা নিতে গিয়ে নতুন করে আরও ৬৫ জন নিহত ও ৫১১ জন আহত হয়েছেন। এতে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭ জনে এবং ২৭ মে থেকে আহত হয়েছেন আরও ১০ হাজার ৫৭৮ জন।

গাজার মানবিক পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসা ও খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, জরুরি ভিত্তিতে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ না হলে প্রাণহানি আরও বাড়বে।

This post was viewed: 37

আরো পড়ুন