Ridge Bangla

কক্সবাজার ভ্রমণ শেষে ঢাকায় ফিরলেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা

জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিন কক্সবাজারে আকস্মিক ‘ভ্রমণে’ আসা এনসিপির শীর্ষ পাঁচ নেতা ঢাকায় ফিরে গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর তারা সড়কপথে কক্সবাজার ত্যাগ করেন বলে দলটির স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন।

কক্সবাজার এনসিপির স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদ জানান, রাত ১২টার দিকে চার নেতা কক্সবাজার ছাড়েন, আর সকালেই সস্ত্রীক ঢাকায় ফেরেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। হোটেল প্রাসাদ প্যারাডাইজের ব্যবস্থাপক ইয়াকুব আলী বলেন, দুপুর পর্যন্ত তারা হোটেলের কক্ষ বুকিং রাখলেও রাতে দুটি গাড়িতে করে চলে যান।

গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সারজিসের স্ত্রী আয়শা খানম কক্সবাজারে আসেন। তাদের আগমন ছিল অনেকটাই ‘গোপন’। খবর ছড়ায়, উখিয়ার ইনানীস্থ সী পার্ল হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তবে হোটেল কর্তৃপক্ষ দাবি করে, সেখানে কোনো বিদেশি নাগরিক ছিলেন না।

বৈঠকের গুঞ্জনের মধ্যে নাসীরুদ্দীন পাটোয়ারী গণমাধ্যমে বলেন, তারা শুধু ঘুরতে এসেছেন, কারও সঙ্গে বৈঠক করতে নয়। পরদিন বুধবার দুপুরে এনসিপি নেতারা হোটেল পরিবর্তন করে সুগন্ধা পয়েন্টসংলগ্ন প্রাসাদ প্যারাডাইজে ওঠেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে শীর্ষ নেতাদের এ ভ্রমণ নিয়ে প্রশ্ন ওঠে দলে। বিষয়টি নিয়ে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত পাঁচ নেতার কাছেই কারণ দর্শানোর নোটিশ পাঠান।

This post was viewed: 34

আরো পড়ুন