Skip to main content

Ridge Bangla

ঢাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও হল পর্যায়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন।

বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল, মহসীন হল, বিজয় একাত্তর হল, এ এফ রহমান হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। রোকেয়া হলের ছাত্রীরা হল গেটের তালা ভেঙে বাইরে এসে মিছিলে যোগ দেন।

সূত্র জানায়, শুক্রবার সকালে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে অফিসিয়ালি ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদল কয়েকটি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এর প্রতিবাদে বিকেল থেকেই পাঁচটি নারী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, যেখানে ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ও পদপ্রাপ্তদের বহিষ্কারের দাবি জানানো হয়।

হল প্রশাসনের কাছে রাত ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় রাত ১টার দিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বেরিয়ে আসেন। এরপর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল, বিজয় একাত্তর হল, মহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও মাস্টারদা সূর্য সেন হলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সমবেত হন।

সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি শেষে তারা উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের বাসভবনের সামনে গিয়ে বসে পড়েন এবং ‘হল পলিটিক্সের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

This post was viewed: 58

আরো পড়ুন