Ridge Bangla

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি গতিতে বাতাস বইতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজকের দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আগের দিন (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।

This post was viewed: 31

আরো পড়ুন