Skip to main content

Ridge Bangla

পর্দায় মার্ক জাকারবার্গের ভূমিকায় জেরেমি স্ট্রং

১৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ফেসবুকের জন্মকাহিনি। ডেভিড ফিঞ্চার পরিচালিত ২০১০ সালের আইকনিক ছবি দ্য সোশ্যাল নেটওয়ার্ক-এ মার্ক জাকারবার্গ চরিত্রে জেসি আইজেনবার্গের অসাধারণ অভিনয় এখনো দর্শকদের মনে অমলিন। এবার সেই চরিত্রে দেখা যেতে পারে এমি জয়ী ও অস্কার মনোনীত অভিনেতা জেরেমি স্ট্রংকে।

সূত্র জানিয়েছে, নতুন সিনেমাটি পরিচালনা করবেন অ্যারন সোরকিন, যিনি আগের ছবির চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেছিলেন। এবার তিনি লেখক ও পরিচালক দুই দায়িত্বই সামলাবেন। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নতুন কিস্তির গল্প গড়ে উঠছে ওয়াল স্ট্রিট জার্নাল-এ ২০২১ সালে প্রকাশিত সাংবাদিক জেফ হরভিটজের অনুসন্ধানী প্রতিবেদন দ্য ফেসবুক ফাইলস অবলম্বনে। প্রতিবেদনে ফেসবুকের ভেতরের অজানা তথ্য, কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর প্ল্যাটফর্মটির প্রভাব, ভুয়া তথ্যের প্রসার এবং কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছিল, যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে।

শুধু জেরেমি স্ট্রংই নন, এই ছবিতে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইটকে, যদিও তাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

জেরেমি স্ট্রং এর আগে এইচবিওর জনপ্রিয় সিরিজ সাকসেশন-এ কেন্ডাল রয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি কান আলোচিত দ্য অ্যাপ্রেন্টিস চলচ্চিত্রে রয় কোহন চরিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়নও পেয়েছেন। সামনে তাকে দেখা যাবে ব্রুস স্প্রিংস্টিনকে কেন্দ্র করে নির্মিত স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার ছবিতে, যেখানে তিনি পরিচালক জন ফ্যাভরোর চরিত্রে অভিনয় করছেন।

This post was viewed: 90

আরো পড়ুন