দীর্ঘদিন বড় পর্দায় নায়ক চরিত্রে দেখা যায়নি যীশু সেনগুপ্তকে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি মূলত হিন্দি, দক্ষিণী ও বাংলা ছবিতে খলনায়ক বা গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে শোনা যাচ্ছে, আবারও নায়ক হয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় নির্মিত হতে যাওয়া নতুন এক সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে যীশুকে।
এদিকে যীশু অভিনেতা সৌরভ দাসের সঙ্গে মিলে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে একটি প্রযোজনা সংস্থা গড়েছেন। এই সংস্থার মেন্টর হিসেবে থাকছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট। গুঞ্জন রয়েছে, বহু বছর পর যীশু-সৌরভের প্রযোজনায় আবার পরিচালনায় ফিরতে পারেন মহেশ ভাট। পাশাপাশি শোনা যাচ্ছে, ইন্দ্রদীপের নতুন ছবির প্রযোজনার দায়িত্বও নেবে এই সংস্থা।
যদিও এ বিষয়ে যীশু বা সৌরভ কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইন্দ্রদীপের ছবির প্রযোজনা নাও করতে পারেন তারা, তবে মহেশ ভাটকে দিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা এগিয়ে চলছে। ইতোমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে।
সব ঠিক থাকলে আগামী বছর থেকে যীশু ও সৌরভ বলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন।