Skip to main content

Ridge Bangla

বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় অফিসে যাওয়া বন্ধ যুদ্ধবাজ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর কার্যালয় জানিয়েছে, তিনি এখন চিকিৎসাধীন এবং শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও আগামী তিন দিন বাড়ি থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তাঁর অন্ত্রে প্রদাহ এবং পানিশূন্যতা দেখা দিয়েছে—যার কারণ সম্ভবত নষ্ট খাবার। বর্তমানে তিনি স্যালাইন নিচ্ছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো।

রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত থাকায় বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসা থেকেই সরকারি কার্যক্রম চালাবেন।

এ কারণে সোমবার ও মঙ্গলবার তাঁর দুর্নীতির মামলার শুনানিও স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় আগামী ৫ সেপ্টেম্বরের আগে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে নেতানিয়াহু একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগেছেন। ২০২৩ সালে তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়, একই বছর পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হন। ২০২৪ সালে মার্চে হার্নিয়া এবং ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্রোপচার হয় তাঁর। এছাড়া মার্চেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েকদিন অফিস থেকে বিরত ছিলেন।

This post was viewed: 70

আরো পড়ুন