Ridge Bangla

চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দক্ষিণ পরুয়াপাড়ার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুত করা হয়েছে। এরপর মনোয়ারা বেগমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা ব্যাগ থেকে বিশেষভাবে প্যাকেটজাত ১০টি ইয়াবাভর্তি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এম. আর. এম মোজাফফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেছেন যে তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, আটক নারী ও উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন