Skip to main content

Ridge Bangla

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ জুলাই) কাঠমান্ডুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. দেউবা রাষ্ট্রদূত শফিকুর রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে তারা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বস্ত্রখাত, শিক্ষা ও গবেষণা, পর্যটন, সরকার-বেসরকারি পর্যায়ের যোগাযোগ বৃদ্ধি, জনগণের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা এবং শিক্ষাবিদ ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বেগবান করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন এবং তার ম্যান্ডেটের সফলতা কামনা করেন।

This post was viewed: 63

আরো পড়ুন