Skip to main content

Ridge Bangla

আজ আমি যা, মা-ই তার মূল কারিগর: পূর্ণিমা

মাত্র ১৪ বছর বয়সে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিষেক হয় তার, যা মুক্তি পায় ১৯৯৮ সালের ১৫ মে। সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন পূর্ণিমা। আজও তিনি দর্শকদের কাছে সমান জনপ্রিয়। আজ তার জন্মদিন। মধ্যরাত থেকেই সহকর্মী, অনুরাগী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও দিনটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে পূর্ণিমা বলেন, “এই দিনটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। সব সময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে, এখন সেটাই করছি।”

তিনি আরও বলেন, “আমি আজীবন মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি তাগিদ না দিলে আমি কখনো পূর্ণিমা হয়ে উঠতাম না। আজ আমি যা, তার মূল কারিগর মা।”

পূর্ণিমার প্রথম ব্যবসাসফল সিনেমা ছিল ‘যোদ্ধা’। এরপর একে একে আসে ‘সন্তান যখন শত্রু’, ‘সুলতান’, ‘হৃদয়ের কথা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘শাস্তি’, *‘মনের মাঝে তুমি’*সহ বহু চলচ্চিত্র। তিনি অভিনয় করেছেন রিয়াজ, মান্না, ফেরদৌস, শাকিব খান, অমিত হাসানসহ সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গে। টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো গুণী শিল্পীদের সঙ্গে।

পূর্ণিমা কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। বর্তমানে তাকে সিনেমায় খুব বেশি দেখা যায় না। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘আহারে জীবন’ সিনেমায়। এখন উপস্থাপনা আর সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

This post was viewed: 59

আরো পড়ুন