Skip to main content

Ridge Bangla

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানলে ঐতিহাসিক লজ ধ্বংস

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। একইসঙ্গে ধ্বংস হয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। দাবানলের কারণে পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছে এবং চলতি মৌসুমে আর খোলা হবে না বলে জানানো হয়েছে।

প্রচণ্ড তাপদাহ, নিম্ন আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করে। পার্কের দমকলকর্মী, কর্মী ও হাইকারদের তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

পার্কের সুপারিনটেনডেন্ট এড কেবল জানান, লজ ছাড়াও ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক ভবন, কর্মীদের আবাসন এবং বহু ঐতিহাসিক কেবিন পুড়ে গেছে। নর্থ রিম অঞ্চলের একমাত্র অভ্যন্তরীণ আবাসনব্যবস্থা ছিল ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ।

প্রথমে দাবানলটি নিয়ন্ত্রিতভাবে পরিচালনার চেষ্টা করা হলেও পরে পরিস্থিতি মারাত্মক হওয়ায় পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ অভিযান শুরু করা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ সতর্ক করেছে, ধ্বংস হওয়া বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস নিঃসরণ হতে পারে, যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।

পার্ক পরিচালনাকারী সংস্থা আরামার্ক নিশ্চিত করেছে, লজের সকল কর্মী ও অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণত নর্থ রিম মৌসুমি ভিত্তিতে খোলা থাকে এবং সাউথ রিমের তুলনায় তুলনামূলক কম ভ্রমণকারী সেখানে যান।

This post was viewed: 57

আরো পড়ুন