Skip to main content

Ridge Bangla

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় চারজন গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এলাকার সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুইজন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। গ্রেপ্তারকৃত রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনের রাস্তায় লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে একদল সন্ত্রাসী পাথর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিসি তালেবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও শত্রুতার জেরে সোহাগকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 60

আরো পড়ুন