জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর সম্প্রতি যকৃতের ক্যানসারের জটিল লড়াই জয় করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মাসে ১৪ ঘণ্টাব্যাপী এক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে কাটিয়ে এখন তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং সেখানেই চলছে তার পরবর্তী চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ।
অস্ত্রোপচারের সময় দীপিকার যকৃতের টিউমারের পাশাপাশি পিত্তথলিতে পাথরের অস্তিত্বও ধরা পড়ে, যার কারণে সার্জারিটি আরও সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দীপিকার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম জানান, “ডাক্তাররা যখন ক্যানসারের তৃতীয় স্টেজ শনাক্ত করেন, তখন সময় নষ্ট না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।”
শোয়েব আরও বলেন, “আমরা ভেবেছিলাম অপারেশনের পর সব শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে এখনো অনেক পথ বাকি। দীপিকার মানসিক শক্তি আমাকে অভিভূত করেছে। এত যন্ত্রণা সত্ত্বেও সে একটিবারও ভেঙে পড়েনি।”
চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের ক্যানসারে অস্ত্রোপচারের পরও পুনরায় রোগ ফিরে আসার ঝুঁকি থেকে যায়। তাই দীপিকাকে এখন কঠোর নিয়মকানুন মেনে চলতে হচ্ছে। তাকে আপাতত যোগব্যায়াম কিংবা কোনো শারীরিক কসরত না করার পরামর্শ দেওয়া হয়েছে। খাদ্যতালিকা থেকেও বাদ দিতে হয়েছে তেল-মশলাযুক্ত ও চর্বিযুক্ত খাবার। এমনকি তাকে ছেলে রুহানকে বুকের দুধ খাওয়ানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
তবে এই কঠিন সময়েও দীপিকা হাল ছাড়েননি। পরিবারের নিরন্তর সহযোগিতা ও নিজের অদম্য মানসিক শক্তিকে সঙ্গী করে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে চলেছেন। শোয়েব আশাবাদী কণ্ঠে বলেন, “আমরা বিশ্বাস করি, দীপিকা একদিন আগের মতোই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।”