Skip to main content

Ridge Bangla

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার প্রেমিক

শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন সুলাইমান মুন্সী নামের এক যুবক। রোববার (৬ জুলাই) সকালে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামের বাসিন্দা মোতালেব মুন্সীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সুলাইমান নিজের বিবাহিত পরিচয় গোপন রেখে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সম্পর্কের একপর্যায়ে তারা একান্তে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে মেয়েটি জানতে পারেন, সুলাইমান বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সম্পর্ক ছিন্ন করেন।

সম্প্রতি মেয়েটির পরিবার তার বিয়ে ঠিক করলে সুলাইমান প্রথমে পাত্রপক্ষকে ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেন। এতে কাজ না হলে তিনি সরাসরি মেয়েটির বাড়িতে হাজির হন। এসময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেন এবং পুলিশে খবর দেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, “সুলাইমান আমাকে ছবি-ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে বহুবার টাকা নিয়েছে। প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে। আমি প্রতারণার শিকার হয়েছি।” মেয়েটির মা বলেন, “এই ছেলে আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আমরা তার কঠিন শাস্তি চাই।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অভিযুক্ত সুলাইমানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 199

আরো পড়ুন