Skip to main content

Ridge Bangla

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে তিনি নিজ বাসায় মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী কন্যা দেশে ফেরার পর জানাজার সময় নির্ধারণ করা হবে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অস্থিরতার সময় তিনি নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হন এবং ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।

পেশাগত জীবনে তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

This post was viewed: 69

আরো পড়ুন