Skip to main content

Ridge Bangla

পবিত্র আশুরায় ঢাকায় তাজিয়া মিছিল শুরু

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর লালবাগের চার শতাব্দী প্রাচীন হোসেনি দালান ইমামবাড়া থেকে এই শোকযাত্রার সূচনা হয়।

ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে ভোর থেকেই হাজারো শিয়া মুসলিম হোসেনি দালান প্রাঙ্গণে জড়ো হন। শোক প্রকাশের প্রতীক হিসেবে মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরে ছিলেন। অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিবাহী প্রতীক—ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম। মিছিলজুড়ে ধ্বনিত হচ্ছিল শোকের আহ্বান, “হায় হোসেন, হায় হোসেন।”

মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। অংশগ্রহণকারী এক মুসল্লি মহব্বত বলেন, “এই দিন আমাদের শোকের। ইমাম হোসেন ও তার পরিবারের শহীদের ত্যাগ স্মরণে প্রতিবছর মিছিলে অংশ নিই।”

শোকযাত্রা নির্বিঘ্ন রাখতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে সেনা সদস্য, র্যাব, সোয়াট ও অতিরিক্ত পুলিশ।

উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে শহীদ করে। এই শোক স্মরণে শিয়া মুসলিমরা প্রতিবছর আশুরার দিনে তাজিয়া মিছিলের আয়োজন করেন।

This post was viewed: 102

আরো পড়ুন