Skip to main content

Ridge Bangla

কলম্বো টেস্ট হেরে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি।

শান্ত বলেন, “আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।”

একসময় তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া শান্ত সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারান লিটন দাসের কাছে এবং ওয়ানডের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্টের দায়িত্ব থেকেও।

অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, “আমি মনে করি না তিন ফরম্যাটে তিন অধিনায়ক ড্রেসিং রুমে থাকা যৌক্তিক। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই।” তিনি আরও যোগ করেন, “এটা কোনো মন খারাপ বা রাগের সিদ্ধান্ত নয়। সম্পূর্ণভাবে দলের ভালোর জন্য এমনটা করেছি।”

শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যা দেশের পঞ্চম সর্বোচ্চ। তার অধিনায়কত্বে দল জয় পেয়েছে চারটি ম্যাচে—জয়ের অনুপাতে তিনিই বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। ২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেকেই করেন সেঞ্চুরি এবং দল জয় পায় ১৫০ রানে। এরপর নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। এবার তার সেই যাত্রা থেমে গেল কলম্বোতে।

This post was viewed: 127

আরো পড়ুন