Skip to main content

Ridge Bangla

বাংলাদেশি মুসলিম শাহানা হানিফ নিউইয়র্ক নগর কাউন্সিলের নির্বাচনে বিজয়ী

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী শাহানা হানিফ। তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী মায়া কর্নবার্গকে পরাজিত করেন।

গত মঙ্গলবার ভোট গ্রহণের পর নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন তাকে বিজয়ী ঘোষণা করে। সাধারণত নিউইয়র্ক সিটিতে ডেমোক্রেট প্রার্থীরাই জয়ী হন, তাই তার সমর্থকরা আশা করছেন ৪ নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে শাহানা আবারও জয় পাবেন।

জয়ের পর প্রতিক্রিয়ায় শাহানা বলেন, “এই শহরকে বাসযোগ্য রাখার জন্য আমার ভোটাররা আমাকে বেছে নিয়েছেন। মেয়র প্রার্থী জোহরান মামদানির সঙ্গে আমাদের লক্ষ্য অভিন্ন—একটি সুন্দর নিউইয়র্ক গড়ে তোলা। আমি আগের মতোই শিশুদের যত্ন ও বাসস্থানের নিরাপত্তা নিয়ে কাজ করে যাবো, যেন কেউ এই শহর ছাড়তে বাধ্য না হন।”

নিউইয়র্ক সিটির ৫১টি কাউন্সিল ডিস্ট্রিক্টের একটিতে জয় পেয়েছেন শাহানা। এ জয়ে তাঁকে নিয়ে নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয়, “শাহানার জয় ব্রুকলিনের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন যুগের সূচনা করেছে। জনসম্পৃক্ততা ও স্বেচ্ছাসেবী প্রচারণার ভিত্তিতে তিনি এই জয় অর্জন করেছেন।”

শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ জানান, তারা ১৯৭৯ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নিউইয়র্কে যান। প্রথমে জ্যাকসন হাইটসে বসবাস শুরু করে পরে কেনসিংটনে স্থায়ী হন। ব্রুকলিনেই শাহানার জন্ম এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান ও নারী অধিকারে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। ২০২১ সালে মাত্র ২৯ বছর বয়সে নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী হিসেবে নির্বাচিত হন শাহানা।

This post was viewed: 845

আরো পড়ুন