Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের ন্যায়সঙ্গত অবস্থানে ইরানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ

ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের জন্য ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) পাঠানো এক বিবৃতিতে দূতাবাস এ বার্তা জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার, জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ইরানি জনগণের প্রতি প্রকাশিত সমর্থন মানবিক সচেতনতা এবং ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের অটল প্রতিশ্রুতি তুলে ধরে।

ইরান আরও জানায়, তাদের জনগণের প্রতিরোধ কেবল জাতীয় ইচ্ছাশক্তির প্রকাশ নয়, বরং এটি সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের একটি শক্তিশালী বার্তা। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধকে তারা বৈধ অধিকার এবং নৈতিক-মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে।

বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে পারস্পরিক সংহতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “এই মূল্যবান সমর্থন ও সংহতির জন্য আমরা বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি,”—বলা হয় ইরানের পক্ষ থেকে।

এই বিবৃতিকে বাংলাদেশের ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

This post was viewed: 64

আরো পড়ুন