Skip to main content

Ridge Bangla

প্রত্যেক জেলায় হাসপাতালের মতো সিনেমা হলও দরকার: জাহিদ হাসান

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান মনে করেন, দেশের প্রতিটি জেলায় মানসিক স্বাস্থ্য রক্ষায় সিনেমা হল থাকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রত্যেক জেলায় শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন হাসপাতাল আছে, তেমনি মানসিক স্বাস্থ্যের জন্য সিনেমা হল থাকা দরকার। সুস্থ বিনোদন থাকলে মানুষ নেশা, হানাহানি ও মব জাস্টিস থেকে দূরে থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা থাকা জরুরি।”

‘উৎসব’ সিনেমায় জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তিনি বলেন, “এখনো আমি এই চরিত্রটার মধ্যে ডুবে আছি। জাহাঙ্গীর চরিত্রে যেমন হিরোইজম, ভিলেনি ও আত্মউপলব্ধি আছে, সেগুলো আমাদের সবার মাঝেই থাকে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই উপলব্ধির সুযোগ আছে। আজ যারা জাহাঙ্গীরের মতো, তারা কাল পরিবর্তিত হতে পারে।”

তিনি আরও বলেন, “প্রডাকশন বয় থেকে শুরু করে সবাই খুব সৎভাবে কাজ করেছি। অভিনয়ে কোনো অসততা ছিল না। এটা আমাদের সফলতার মূল কারণ। সিনেমার প্রতিটি দৃশ্যের সঙ্গে আবেগ জড়িয়ে আছে।”

দেশে সিনেমা হলের সংকট নিয়ে দুঃখ প্রকাশ করে জাহিদ হাসান বলেন, “সিনেমা হল না থাকায় সাধারণ মানুষ সিনেমা দেখতে পাচ্ছে না। জেলা প্রশাসকদের বিশেষ উদ্যোগ নেওয়া উচিত।”

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

This post was viewed: 101

আরো পড়ুন