Ridge Bangla

পাকিস্তানে ৬ জন ‘র’ এজেন্টকে গ্রেপ্তারের দাবি

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে পাকিস্তানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাবের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি ‘অপারেশন ইয়ালঘর’ নামক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়, যার মাধ্যমে একটি গুপ্তচর নেটওয়ার্কের অস্তিত্বও প্রকাশ পায়।

বৃহস্পতিবার (২৬ জুন) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিওটিভি নিউজ জানায়, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলা থেকে সমন্বিতভাবে অভিযান চালিয়ে সিটিডি এই ছয়জনকে গ্রেপ্তার করে।

লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অপারেশনস শেহজাদা সুলতান জানান, বাহাওয়াল নগর থেকে পুলিশ আসলাম ও আকবর আলী নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে, যারা বিস্ফোরক সংগ্রহে লিপ্ত ছিল। টোবা টেক সিং জেলা থেকে আটক করা হয় আজম জাজি, মনজুর কারি ও আমজাদ নামের আরও তিনজনকে। অপরদিকে জুলফিকার নামের একজনকে গ্রেপ্তার করা হয় ‘সন্ত্রাসী কার্যক্রমে’ আর্থিক সহযোগিতার অভিযোগে।

সিটিডির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিং-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন এবং তাদের কাছ থেকেই নির্দেশনা পাচ্ছিলেন।

সিটিডি কর্মকর্তারা আরও বলেন, এই অভিযান পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ধ্বংসাত্মক কৌশল এবং সন্ত্রাসী হামলায় নয়াদিল্লির পৃষ্ঠপোষকতার প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরে এ ধরনের হামলার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে।

This post was viewed: 172

আরো পড়ুন