Skip to main content

Ridge Bangla

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী কনা

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে তিনি এই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

পোস্টে কনা লেখেন, “আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছায় হয়। তেমনি কোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের জানাতে চাই যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।”

তিনি আরও লেখেন, “এই সিদ্ধান্তটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন ছিল। তবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই জীবনের নতুন অধ্যায়ে দুজনেই শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

ভক্তদের উদ্দেশে কনা লেখেন, “এই সময়ে আমি আবারও পুরোপুরি আমার সংগীতে মনোনিবেশ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন আগের মতোই পাশে থাকে, সেই প্রত্যাশা করছি।”

২০১৯ সালে কনার সঙ্গে ব্যবসায়ী গোলাম মোহাম্মাদ ইফতেখারের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে কনা ব্যক্তিগত জীবনকে বেশ আড়ালে রেখেছিলেন। সব সময়ই সংগীতে নিয়মিত ছিলেন এবং তার শুদ্ধ সংগীতচর্চা দিয়ে শ্রোতাদের মন জয় করে আসছেন।

কনার এই বিচ্ছেদের খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে বিষণ্নতা ছড়ালেও সবাই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

This post was viewed: 122

আরো পড়ুন