Skip to main content

Ridge Bangla

মিয়ানমারে পাচারকালে সার-আলুসহ ১৩ জন আটক

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় ৪৩০ বস্তা ইউরিয়া সার এবং ৬০০ বস্তা আলুসহ ১৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৭ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুন বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি আভিযানিক দল পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় পাচারকারীরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

অভিযানে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব্রিকেন্ট অয়েল এবং ২টি হ্যামকো ব্যাটারি জব্দ করা হয়। কোস্ট গার্ডের হিসাবে এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পণ্যগুলো শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইনে পাচার করা হচ্ছিল। পাচারে ব্যবহৃত নৌকাসহ জব্দকৃত পণ্য ও ১৩ পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট নৌপুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড কর্মকর্তা হারুন-অর-রশীদ আরও জানান, উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

This post was viewed: 220

আরো পড়ুন