Skip to main content

Ridge Bangla

‘দেনা পাওনা’ সিনেমায় যুক্ত হলেন মান্নাত

নতুন প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী ও মডেল এঞ্জেলিনা জাস মান্নাত চুক্তিবদ্ধ হয়েছেন ‘দেনা পাওনা’ নামে একটি সরকারি অনুদানের চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। ২০২২-২৩ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে।

২৬ জুন মান্নাত আনুষ্ঠানিকভাবে এই সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান। তিনি বলেন, “খুব শিগগিরই শুটিংয়ে অংশ নেব।” ছবির গল্প নির্মিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই এবং সংলাপ ও চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন।

‘দেনা পাওনা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি গ্রামীণ মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে, যেখানে রয়েছে পাঁচ ভাই, তাদের স্ত্রী, একমাত্র মেয়ে ও দুই নাতনি। পাশের গ্রামের এক জমিদারপুত্র প্রেমে পড়ে মেয়েটির, যার পরিণতিতে বিয়ের পর পণসংক্রান্ত অশান্তি শুরু হয়। গল্প গড়ায় এক করুণ পরিণতির দিকে—মেয়েটির মৃত্যু। এই পটভূমিতে ফুটে উঠেছে পারিবারিক সম্পর্কের জটিলতা, ভিন্ন ভিন্ন চরিত্রের দ্বন্দ্ব এবং নারীর সামাজিক অবস্থান।

এই সিনেমায় ‘দ্বিতীয় বউ’ চরিত্রে অভিনয় করছেন মান্নাত। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, “এই ভূমিকাটি বেশ চ্যালেঞ্জিং। বাইরে থেকে রুক্ষ ও খিটখিটে মনে হলেও, ভেতরে সে খুব আবেগপ্রবণ। স্বামীর সঙ্গে তার সম্পর্কেও রয়েছে টানাপড়েন ও খুনসুটি।”

ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ইমন ও দীঘি। মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করা মান্নাত নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তার হাতে কিছু নাটকের কাজ থাকলেও, তিনি বড় পর্দাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন। আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে আলোচনাও চলছে বলে জানিয়েছেন তিনি। ‘দেনা পাওনা’ সিনেমাটিকে তিনি নিজের অভিনয়জীবনের নতুন দিগন্ত হিসেবে দেখছেন।

This post was viewed: 185

আরো পড়ুন