Skip to main content

Ridge Bangla

সোহানের দলে না থাকায় অবাক হয়েছেন নান্নু

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তবে ঘরোয়া ক্রিকেট, বিপিএল এবং গ্লোবাল সুপার লিগের মতো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন তিনি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও ছিলেন দারুণ ফর্মে। তবুও শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে জায়গা হয়নি তার। সোহানকে দলে না দেখে বিস্মিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মঙ্গলবার চট্টগ্রামে বিসিবির টেস্ট কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত হয়ে নান্নু গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সিলেকশন প্যানেল তো এর ব্যাখ্যা দিয়েছে। কিছু কিছু জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে। তবে সোহানের বাদ পড়াটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। গেল ‘এ’ দলের সিরিজেও সে ভালো পারফর্ম করেছে। এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে সেখানেও সে ভালো করেছে। তাই এই জায়গাটা প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও বলেন, “অভারঅল প্রধান নির্বাচক একটা ব্যাখ্যা দিয়েছেন। যে দল দিয়েছেন, আশা করি তারা ভালো খেলবে। আমরা চাইবো সেরা দল যেন সেরা পারফরম্যান্স দিতে পারে।”

সোহানকে বাদ দেওয়ার বিষয়ে গতকাল ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, উইকেটরক্ষক পজিশনে সোহানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন লিটন দাস। নির্বাচকদের দৃষ্টিতে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটনের ফর্মে ফেরা এখন সবচেয়ে জরুরি। একজন ব্যাটারের ফর্মে ফেরার জন্য ওয়ানডে ফরম্যাট সবচেয়ে উপযোগী বলেও মত দেন লিপু।

তিনি বলেন, “সোহান আমাদের বিবেচনায় আছেন। তবে একই দলে এত উইকেটরক্ষক নেয়া সম্ভব নয়। লিটন বর্তমানে টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন এবং পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাকে ঘিরেই পরিকল্পনা করা হচ্ছে। তাই এখন লিটনই অগ্রাধিকার পাচ্ছেন।”

This post was viewed: 274

আরো পড়ুন