Skip to main content

Ridge Bangla

টেস্ট ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই ছন্দে ছিল না বাংলাদেশ। দেশের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ ড্র এবং সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে সিরিজ হার—সব মিলিয়ে দলের আত্মবিশ্বাস ছিল তলানিতে। তবে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ম্যাচ ড্র করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা।

গল টেস্ট ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের (২০২৫–২০২৭) প্রথম ম্যাচ। ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশের নামের পাশে যোগ হয়েছে মূল্যবান ৪ পয়েন্ট। যদিও জয়ের সুযোগ ছিল, তবু দল বেছে নেয় নিরাপদ পথ। শেষ দিনে ১৮৭ রানের লিড থাকলেও মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দেখেশুনে খেলেন। শান্তর সেঞ্চুরি সত্ত্বেও ডিক্লেয়ার করতে দেরি করে দল, যার ফলে বাড়তি ১৫–২০ ওভার বল করার সুযোগ হারায় বোলাররা।

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, “আমার কাছে এই ড্রটা একটা মোরাল ভিক্টরি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে অলআউট করা এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়াটা আমাদের জন্য বড় সাফল্য।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম, ওরা স্পোর্টিং উইকেট বানাবে। ছয় দিন খেলা হলে হয়তো ফল আসত।” আগেভাগে ডিক্লেয়ার করলে জয় আসত কিনা, তা নিয়ে দ্বিধা পোষণ করেন তিনি। “পঞ্চম দিনে উইকেট খুব একটা ভাঙেনি, তখন শান্ত বা মুশফিক আউট হলে উল্টো চাপ আসত।”

সব মিলিয়ে, জয় না পেলেও গল টেস্টে মাঠে ইতিবাচক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আর এতেই দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা।

This post was viewed: 213

আরো পড়ুন