Skip to main content

Ridge Bangla

বক্স অফিসে ঝড় তুলেছে ধানুশের ‘কুবেরা’, আয় ছাড়াল ৪৮ কোটি রুপি

দক্ষিণী সুপারস্টার ধানুশ অভিনীত হরর-থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘কুবেরা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলছে। সেকহার কামুলা পরিচালিত ছবিটি গত শুক্রবার (২০ জুন) মুক্তি পায় এবং মাত্র তিন দিনেই ভারতে আয় করেছে ৪৮ কোটি ৫০ লাখ রুপি (নেট)।

ট্রেড বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট Sacnilk জানায়, মুক্তির প্রথম দিনেই ‘কুবেরা’ সংগ্রহ করে ১৪.৭৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ১৬.৫ কোটিতে এবং তৃতীয় দিনে রবিবার সংগ্রহ করে ১৭.২৫ কোটি রুপি। এ আয়কে চলতি বছরের অন্যতম সেরা উদ্বোধনী পারফরম্যান্স হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই সাফল্যে ‘কুবেরা’ পেছনে ফেলেছে বিক্রম অভিনীত সাম্প্রতিক হিট ছবি ‘Veera Dheera Sooran’-এর ৪০.৭৫ কোটির রেকর্ডকেও।

জানা গেছে, ছবিটি তেলেগু ভাষায় তামিলের তুলনায় বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং দক্ষিণ ভারতের বাইরেও বিভিন্ন রাজ্যে দর্শকপ্রিয়তা অর্জন করছে।

ছবিতে ধানুশ এক ভিখারির চরিত্রে অভিনয় করেছেন, যিনি এক প্রাক্তন সিবিআই কর্মকর্তার ফাঁদে পড়ে জড়িয়ে পড়েন এক কর্পোরেট ষড়যন্ত্রে। চরিত্রের ভিন্নতা ও গভীরতা ফুটিয়ে তোলায় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ধানুশ। তার সঙ্গে আরও অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা, নাগার্জুন ও জিম সারভ।

হায়দরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ বলেন, “ধানুশের এই পারফরম্যান্স দেখে আমি চাই তিনি আরেকটি জাতীয় পুরস্কার পান।”

বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, এই গতি বজায় থাকলে ‘কুবেরা’ দ্রুতই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

This post was viewed: 70

আরো পড়ুন