Skip to main content

Ridge Bangla

তিন বিতর্কিত নির্বাচন তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিবদের দায়িত্ব ও আচরণ পর্যালোচনার বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে অতীতের ভুলগুলো তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে জানান, ‘জুলাই সনদ’ তৈরির কাজ দ্রুত অগ্রসর হচ্ছে এবং তা শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

প্রধান উপদেষ্টা তার সদ্য সমাপ্ত লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রবাসী বাংলাদেশিরা সংস্কার ও ভোটাধিকার নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারেন, সে জন্য পোস্টাল ব্যালটসহ সব বিকল্প পদ্ধতি বিবেচনায় নিতে হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

This post was viewed: 64

আরো পড়ুন