Ridge Bangla

মার্কিন হস্তক্ষেপে গোটা অঞ্চল নরকে পরিণত হবে: ইরান

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে চলমান হামলায় সরাসরি জড়ায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য পরিণত হবে এক ভয়াবহ নরকে। শুক্রবার (২১ জুন) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা আমেরিকার যুদ্ধ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই সংঘাতে জড়িয়ে পড়েন, তবে তিনি এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে যাবেন, যা ইতিহাসে কলঙ্কজনক সিদ্ধান্ত হিসেবে পরিচিত হবে।”

সাক্ষাৎকারে সাঈদ খাতিবজাদে দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালে নয়, বরং হাসপাতালের পাশে থাকা একটি সামরিক স্থাপনা। এ বিষয়ে ইসরায়েল জানায়, ওই হামলায় অন্তত ৭১ জন আহত হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল আরাক রিঅ্যাক্টর এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় ইরানের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি তেহরান।

খাতিবজাদে বলেন, “আমরা এখনো কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু আমাদের ওপর বোমা পড়তে থাকলে আলোচনার কোনো জায়গা থাকে না।” তিনি আরও বলেন, ইরানের সব হামলা ছিল আত্মরক্ষামূলক এবং জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে পরিচালিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল প্রথম হামলা চালিয়ে ইরানের শীর্ষ বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের হত্যা করে আলোচনার পথ রুদ্ধ করেছে। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আইএইএ সম্প্রতি জানিয়েছে, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। তবে খাতিবজাদে তা উড়িয়ে দিয়ে বলেন, “এগুলো অর্থহীন অনুমান।” তিনি আরও বলেন, “যদি আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইতাম, তা বহু আগেই করে ফেলতাম।”

This post was viewed: 48

আরো পড়ুন