Skip to main content

Ridge Bangla

নরসিংদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: গ্রেপ্তার ২ জন

নরসিংদীর শিবপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে শিবপুর থানাধীন ব্রাহ্মন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ব্রাহ্মন্দী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৫০) ও বাঘাব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার হানিফ মেম্বার।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, প্রায় ৭-৮ মাস আগে ব্রাহ্মন্দী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে তার প্রতিবেশী চাচা আব্দুল মান্নান জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি ঘটে ইরি প্রজেক্টের একটি মেশিন ঘরে। ধর্ষণের ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরবর্তীতে বিষয়টি বাড়ির নারী সদস্যদের মাধ্যমে ধরা পড়লে, তারা স্থানীয় জনপ্রতিনিধি হানিফ মেম্বারকে জানায়। অভিযোগ রয়েছে, হানিফ মেম্বার ধর্ষক আব্দুল মান্নানের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে ভুক্তভোগীর পরিবারকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং হুমকি দেন। তিনি ঘটনাটি ‘মীমাংসার’ আশ্বাস দিয়ে থানায় বা আদালতে না যাওয়ার জন্য পরিবারকে প্ররোচিত করেন।

শেষ পর্যন্ত নির্যাতিতার পরিবার ভুক্তভোগীর পক্ষে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post was viewed: 84

আরো পড়ুন