Ridge Bangla

৮টি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর, পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকার নৌযান ও নৌপরিবহন সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে এবং এটি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় ও পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার এই পরিবর্তনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

This post was viewed: 52

আরো পড়ুন