Skip to main content

Ridge Bangla

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট থেকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ জাতীয়ভাবে সরকারি ছুটি হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ফারুকী জানান, রোববারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই দিনকে কেন্দ্র করে মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে আগামী ১ জুলাই থেকে শুরু হবে নানা আয়োজন, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে ১৪ জুলাই থেকে, সেদিন থেকেই দেশব্যাপী শুরু হবে ঐক্য ও চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার কার্যক্রম।”

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, “আন্দোলনের সময় দেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এবারও আমরা সেই আত্মিক সংহতিকে সামনে রেখে কর্মসূচি সাজাচ্ছি।”

এ সময় তিনি আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ শুধু দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং এটি রাষ্ট্র পরিচালনায় সংস্কারের দিকেও একটি স্পষ্ট ইঙ্গিত।

This post was viewed: 119

আরো পড়ুন