Skip to main content

Ridge Bangla

সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলাকালে তার তিন সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার (২২ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন: সাইফুজ্জামানের দুই ছেলে তানায়েম জামান চৌধুরী, সাদাকাত জামান এবং মেয়ে জেবা জামান। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী, তার পরিবার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্তে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যাতে দুদক, সিআইডি ও এনবিআরের সদস্যরা রয়েছেন।

দুদকের পক্ষ থেকে আশঙ্কা করা হয়, অভিযুক্তরা যেকোনো সময় দেশত্যাগ করে তদন্তকে বাধাগ্রস্ত করতে পারেন। এই প্রেক্ষিতে আদালতের অনুমতি চাওয়া হয়। এর আগেও গত বছরের ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশযাত্রায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।

দুদকের অনুসন্ধান বলছে, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদের মালিক। আলজাজিরার এক অনুসন্ধানে দেখা যায়, তিনি লন্ডনে ৯০ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যমানের ছয়টি সম্পত্তির মালিক। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে রয়েছে আরও কয়েকশ অ্যাপার্টমেন্ট। এসব স্থাবর সম্পত্তি ইতোমধ্যে জব্দ করতে আদালতের অনুমতি পেয়েছে দুদক।

This post was viewed: 96

আরো পড়ুন