Skip to main content

Ridge Bangla

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে, শিক্ষার্থীদের আগামী রবিবার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে চলমান পেশাগত ও এমবিবিএস পরীক্ষার্থীরা এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন বলে জানানো হয়েছে।

শনিবার (২১ জুন) কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের কারণে কলেজের একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে একাডেমিক কার্যক্রম স্থগিত করে এমবিবিএস শিক্ষার্থীদের জন্য কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

গত কয়েক সপ্তাহ ধরেই হলের ঝুঁকিপূর্ণ অবস্থা এবং পরিত্যক্ত ভবন ব্যবহারের প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন, পরিত্যক্ত ছাত্রাবাস ব্যবহার নিরাপদ নয় এবং অবিলম্বে বিকল্প আবাসন ও শিক্ষা ভবনের প্রয়োজন রয়েছে।

শুক্রবার মিলন চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেন। দাবিগুলোর মধ্যে ছিল:

  • পরিত্যক্ত ভবনের পরিবর্তে নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা,

  • নতুন একাডেমিক ও আবাসিক ভবনের বাজেট অনুমোদন,

  • প্রকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা বজায় রাখা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি পূরণ না হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বর্জন করবেন। তবে তার আগেই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়।

বর্তমানে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন।

This post was viewed: 72

আরো পড়ুন