Skip to main content

Ridge Bangla

হলি আর্টিজান হামলা: সাত জঙ্গির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ২২৯ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

রায়ে বিচারপতিরা বলেন, “এই হত্যাকাণ্ডের নৃশংসতা ও নির্মমতা, জঙ্গিদের নিষ্ঠুর আচরণ এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতি বিবেচনায় আসামিদের আমৃত্যু কারাদণ্ডই ন্যায়বিচার নিশ্চিত করবে।”

এর আগে, ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত এই সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০২৩ সালের ১০ অক্টোবর বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সেই রায় সংশোধন করে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তর করেন।

শাস্তিপ্রাপ্ত জঙ্গিরা হলেন রাকিবুল হাসান রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন র্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান সোহেল মাহফুজ, মামুনুর রশীদ রিপন এবং শরিফুল ইসলাম খালেদ।

২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গিরা হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২২ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশি নাগরিক। একই রাতে জঙ্গিদের গ্রেনেড হামলায় শহীদ হন দুই পুলিশ কর্মকর্তা।

রায়ে বলা হয়, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। আসামিরা পরিকল্পনা, অর্থ ও অস্ত্র সংগ্রহ এবং গোপন প্রশিক্ষণের মাধ্যমে হত্যাকাণ্ডে প্ররোচনা দেয়। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত মনে করে, এই রায় দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে।

This post was viewed: 56

আরো পড়ুন