Skip to main content

Ridge Bangla

ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন অভিনেত্রী দীপিকা কক্কর

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারের দ্বিতীয় ধাপে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ ১১ দিনের লড়াই শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় একাধিক পরীক্ষা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে।

ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে দীপিকা লেখেন, “শেষ পর্যন্ত বাড়ি ফিরছি। এই ১১ দিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। চিকিৎসক, পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও প্রার্থনা আমাকে শক্তি জুগিয়েছে।”

জানা গেছে, দীপিকার লিভারে ধরা পড়া টিউমার সফলভাবে অস্ত্রোপচার করে অপসারণ করা হয়েছে। যদিও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী কিছুদিন তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে।

গত মে মাসে হঠাৎ পেটব্যথা ও শারীরিক দুর্বলতা অনুভব করলে দীপিকাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ধরা পড়ে তিনি লিভার টিউমারে আক্রান্ত। তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম নিজের ইউটিউব ভ্লগে দীপিকার অসুস্থতা সম্পর্কে নিয়মিত আপডেট দিয়ে গেছেন, যা অনুরাগীদের দুশ্চিন্তাকে কিছুটা হালকা করেছে।

এই দম্পতির সদ্যোজাত সন্তান এখনো মায়ের স্তন্যপানে নির্ভরশীল। দীপিকার শারীরিক কষ্ট পুরো পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করলেও অস্ত্রোপচারের সফলতা তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন এবং দ্রুত সুস্থতার পথে রয়েছেন।

This post was viewed: 53

আরো পড়ুন