Skip to main content

Ridge Bangla

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ২৩৪ জন

ডেঙ্গু পরিস্থিতি দেশে আবারও উদ্বেগজনক আকার নিচ্ছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। তবে স্বস্তির বিষয়, এই সময়ে কেউ মারা যাননি।

সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছে সর্বোচ্চ ১১৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন এবং ঢাকা উত্তর সিটিতে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা ও রাজশাহী বিভাগে ৫ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ২২২ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৯ জনে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পায়। তাই জনসচেতনতা, ব্যক্তিগত সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

This post was viewed: 191

আরো পড়ুন