Skip to main content

Ridge Bangla

সেনাপ্রধানের সঙ্গে গুমবিষয়ক জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বলপূর্বক গুমবিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস-চেয়ারম্যান গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসে সেনা সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে গ্রাজিনা বারানোভস্কা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর অধীনে দায়িত্ব পালনকারী কিছু সেনা সদস্যের বিরুদ্ধে অতীতে গুম সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে র‍্যাব, ডিজিএফআই ও বিজিবির নাম উল্লেখ করা হয়।

জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট করে বলেন, এ ধরনের সেনা সদস্যরা যেসব সংস্থার অধীনে দায়িত্ব পালন করেন, তারা সেসব সংস্থার নিয়ন্ত্রণে থাকেন, সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণে নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। সেনাবাহিনী দেশের প্রচলিত আইন, বিচারব্যবস্থা এবং জাতীয়-আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, কোনো সেনা সদস্য মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন এবং ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

This post was viewed: 42

আরো পড়ুন