Skip to main content

Ridge Bangla

রণবীর নন, ‘শক্তিমান’ হচ্ছেন আল্লু অর্জুন!

নব্বই দশকের জনপ্রিয় ভারতীয় সুপারহিরো চরিত্র ‘শক্তিমান’কে ঘিরে বলিউডে তৈরি হচ্ছে মেগা বাজেটের নতুন সিনেমা। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরতে যাচ্ছে এই কিংবদন্তি চরিত্রটি। এতদিন ধারণা করা হচ্ছিল, চরিত্রটি রূপায়ণ করবেন রণবীর সিং। তবে সর্বশেষ খবর অনুযায়ী, তিনি আর এই প্রকল্পের সঙ্গে যুক্ত নন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রণবীর নিজেই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, নাকি নির্মাতারা তাকে বাদ দিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, নির্মাতারা এখন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ‘শক্তিমান’-এর ভূমিকায় নিতে আগ্রহী।

সূত্র জানায়, আল্লু অর্জুন ইতোমধ্যেই প্রাথমিক আলোচনায় অংশ নিয়েছেন। যদিও এখনও তিনি আনুষ্ঠানিকভাবে সম্মতি দেননি, তবে পরিচালক হিসেবে ‘মিন্নাল মুরালি’ খ্যাত বেসিল জোসেফকে পরামর্শ দিয়েছেন। আল্লুর মতে, সুপারহিরো ঘরানার সিনেমা পরিচালনায় বেসিলের রয়েছে দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার অভিজ্ঞতা।

সনি পিকচার্সের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার লক্ষ্য হলো ‘শক্তিমান’ চরিত্রটিকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এক নতুন মাত্রায় উপস্থাপন করা। সিনেমাটিতে থাকবে ভিএফএক্সের আধুনিক ব্যবহার, অ্যাকশন ও আবেগের মিশেল এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী। জানা গেছে, চারটি ভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজনা সংস্থা এই প্রজেক্টে একসঙ্গে কাজ করছে।

এদিকে আল্লু অর্জুন বর্তমানে একটি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালে। অন্যদিকে, রণবীর সিং ব্যস্ত রয়েছেন ‘রামায়ণ’ সিনেমার শুটিংয়ে, যেখানে তিনি রামের ভূমিকায় অভিনয় করছেন।

This post was viewed: 64

আরো পড়ুন