Skip to main content

Ridge Bangla

কক্সবাজারে ‘কটেজ জোনে’ অভিযান, হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

কক্সবাজার শহরের কটেজ জোন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) দিবাগত রাত ১টা থেকে শুরু হয়ে এই অভিযান চলে ভোর পর্যন্ত।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছেন।

ওসি জানান, আটক ব্যক্তিরা যেসব হোটেলে অবস্থান করছিলেন, সেগুলোর রেজিস্ট্রারে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। পাশাপাশি তারা কী উদ্দেশ্যে সেখানে ছিলেন, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

তিনি বলেন, “রাতের বেলায় সন্দেহজনকভাবে অবস্থান এবং হোটেলের রেজিস্ট্রারে নাম না থাকায় তাদের আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সরাসরি প্রমাণ বা সাক্ষী না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়নি।”

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইলিয়াস খান।

এদিকে, কক্সবাজারের হোটেল ও কটেজ জোন এলাকায় পর্যটকদের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই অভিযান পরিচালনা করছে। তবে স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযানের পরও পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে না।

This post was viewed: 61

আরো পড়ুন