Skip to main content

Ridge Bangla

নোয়াখালীতে মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যা, উদ্ধার চিরকুট

নোয়াখালীর সদর উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় চার বছরের কন্যাকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মান্নান মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় মাংস ব্যবসায়ী মো. রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) এবং তাদের কন্যা মাইশা (৪)। স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে রাহীর সঙ্গে রুবেলের বিয়ে হয়। পারিবারিক জীবনে তারা এক কন্যাসন্তানের জনক-জননী ছিলেন। রুবেল স্থানীয় বাজারে মাংসের দোকানে কাজ করতেন।

সম্প্রতি পারিবারিক অশান্তি, স্বামীর জুয়া খেলা, আর্থিক সংকট এবং বাড়ি নির্মাণে অবহেলার কারণে মানসিক চাপে ছিলেন রাহী। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। গত ১০ জুন তিনি নিজের বোনকে ফোন করে মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রুবেল কাজ শেষে বাড়ি ফিরে শোবার ঘরের আঁড়ার সঙ্গে স্ত্রী ও কন্যার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যাতে রাহী স্বামীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

This post was viewed: 49

আরো পড়ুন