Ridge Bangla

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, কমলাপুরে উপচে পড়া ভিড়

ঈদুল আজহার ছুটি প্রায় শেষের পথে। রোববার (১৫ জুন) থেকে সরকারি অফিসসহ বিভিন্ন কর্মস্থল খুলে যাওয়ায় ছুটির শেষ দিনে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড়।

গ্রামে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পর চাকরিজীবী ও পেশাজীবীরা শহরে ফিরছেন। ট্রেনের সময়সূচি অনুযায়ী যাত্রীদের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলস্টেশনের তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৬টি ট্রেন স্টেশনে পৌঁছেছে। এর মধ্যে বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস কিছুটা দেরিতে এসেছে। তবে প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের প্রচণ্ড ভিড়।

সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনে জামালপুর থেকে আসা যাত্রী সৈকত হোসেন বলেন, “প্রিয়জনদের ছেড়ে আসা সবসময়ই কষ্টের। তবে অনেক আগেই ফিরতি টিকিট কাটায় কোনো ঝামেলায় পড়তে হয়নি।”

খুলনা থেকে পরিবার নিয়ে ঢাকায় ফেরা যাত্রী রহিম মিয়া বলেন, “আমরা সাধারণত বাসে যাতায়াত করি। কিন্তু এবার ছোটদের অনুরোধে ট্রেনেই ফিরলাম। ট্রেনের ভিড় থাকলেও ভ্রমণটা আনন্দদায়ক ছিল।”

স্টেশনজুড়ে দেখা গেছে শিশু, বৃদ্ধ ও নারীদের ব্যাগ-বোঝা হাতে ট্রেন থেকে নেমে দ্রুত স্টেশন ছাড়ার দৃশ্য। ঈদের আমেজ পেছনে ফেলে আবার কর্মজীবনের ব্যস্ত ছন্দে ফিরতে প্রস্তুত হচ্ছে রাজধানী।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে তারা অতিরিক্ত ট্রেন চালু রেখেছেন এবং স্টেশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

This post was viewed: 53

আরো পড়ুন