Skip to main content

Ridge Bangla

দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা, ৭টি অঞ্চলে সতর্কতা জারি

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা বলবৎ থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ায় বিশেষ করে ছোট নৌযান চলাচলে ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও সমুদ্রবন্দরগুলোর জন্য এখনো কোনো বিশেষ সংকেত নেই, তবে দ্রুত আবহাওয়া পরিবর্তনের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে।

নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদেরকে নিয়মিত আবহাওয়ার হালনাগাদ তথ্য সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন