Skip to main content

Ridge Bangla

কমলাপুর রেলস্টেশনে স্বাস্থ্যবিধি উপেক্ষা, মাইকিংয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা

দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর সতর্কবার্তা জারি করলেও রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র কমলাপুর রেলস্টেশনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীদের মধ্যে ব্যাপক উদাসীনতা দেখা যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (১২ জুন) কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন ঘুরে দেখা যায়, অধিকাংশ যাত্রী মাস্ক ছাড়া চলাফেরা করছেন। দুই-একজনের মুখে মাস্ক থাকলেও অনেকেই জানিয়েছেন, মাস্ক পরার কারণ দুর্গন্ধ এড়ানো, স্বাস্থ্য সুরক্ষা নয়। ট্রেনের নন-এসি সাধারণ বগিতে যাত্রীরা গাদাগাদি করে উঠছেন, কেউই মানছেন না সামাজিক দূরত্ব বা অন্যান্য স্বাস্থ্যবিধি।

রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, গত দুই দিন ধরে যাত্রীদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মাইকিং করা হচ্ছে। তবে যাত্রীদের মাঝে সচেতনতার অভাব প্রকট। অনেকেই মাস্ক পরছেন না, দূরত্ব বজায় রাখছেন না।

এছাড়া, টিকিট চেকার, খাবার বিক্রেতা এবং অন্যান্য কর্মীরাও স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন। একজন যাত্রী বলেন, “ঈদের সময় গাদাগাদি করে আসতে হয়, কিছু করার নেই।” আরেকজন বলেন, “ওসব কিছু হবে না, এগুলো ভাঁওতাবাজি।”

মেট্রোরেলেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানালেও বাস্তবে তা মানা হচ্ছে না। স্টেশনগুলোতে মাস্ক পরার বিষয়ে দৃশ্যমান কোনো বিজ্ঞপ্তিও দেখা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বারবার সতর্কতা সত্ত্বেও রেলস্টেশন ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি পালনের চিত্র উদ্বেগজনক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

This post was viewed: 47

আরো পড়ুন