Skip to main content

Ridge Bangla

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে কারখানা সিলগালা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা মোড়ে অবস্থিত একটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানার মালিক আব্দুল আউয়ালকে (৪৪) পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে দেখা যায়, কারখানাটিতে প্লাস্টিকের দানা গলিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরি করা হচ্ছিল। কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন, প্লাস্টিকের কাঁচামাল ও উৎপাদন যন্ত্রাংশ জব্দ করা হয়। পরবর্তীতে কারখানাটি সিলগালা করে মালিককে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, “এই কারখানায় অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন তৈরি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকি।”

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার জানিয়েছেন, “জেলা প্রশাসন পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

উল্লেখ্য, বাংলাদেশে ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ। এরপরও দেশের বিভিন্ন অঞ্চলে কিছু অবৈধ কারখানা এখনও গোপনে নিষিদ্ধ পলিথিন তৈরি করছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

This post was viewed: 37

আরো পড়ুন