Skip to main content

Ridge Bangla

৯ বছরের বড় প্রেমিকাকে বিয়ে করলেন আখিল আক্কিনেনি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুন আক্কিনেনির কনিষ্ঠ পুত্র আখিল আক্কিনেনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা জয়নব রাবজিকে। বয়সে জয়নব আখিলের চেয়ে ৯ বছর বড় হলেও তাদের ভালোবাসায় কখনোই কোনো সংকোচ ছিল না।

গত শুক্রবার (৭ জুন) হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন শনিবার (৮ জুন) জুবিলি হিলসের নিজ বাসায় আয়োজিত হয় এক রাজকীয় রিসেপশন। সেই অনুষ্ঠানে আখিলকে দেখা যায় সাদা টাক্সেডো ও কালো বো-টাইয়ে, আর নববধূ জয়নব পরেছিলেন পিচ রঙের লেহেঙ্গা ও হীরার গহনা। উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র জগতের অনেক তারকাও।

আখিল অভিনয়ের সঙ্গে যুক্ত ছোটবেলা থেকেই। তার বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘আখিল’ সিনেমার মাধ্যমে, যে ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান। এরপর ‘হ্যালো’, ‘মিস্টার মজনু’, ‘এজেন্ট’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

অন্যদিকে, জয়নব রাবজি চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি শিল্পপতি জুলফি রাবজির কন্যা। পরিচয়ের পর তারা কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিলেন। বয়সের পার্থক্য থাকলেও তাদের বোঝাপড়া ও সম্পর্কের গভীরতা এতটাই দৃঢ় ছিল যে, বিয়ের সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধা করেননি তারা।

বর্তমানে আখিলের বয়স ৩০ এবং জয়নবের ৩৯ বছর। তাদের এই ভিন্নমাত্রার ভালোবাসা এবং নতুন জীবনের সূচনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

This post was viewed: 55

আরো পড়ুন