Skip to main content

Ridge Bangla

‘প্রিয় প্রজাপতি’ ইউটিউবে ঝড় তুলেছে, ২ দিনে ভিউ ২৬ লাখ ছাড়াল

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নাটক ‘প্রিয় প্রজাপতি’ অল্প সময়েই অনলাইনে দর্শক হৃদয় জয় করে নিয়েছে। বসুন্ধরা টিস্যুর পরিবেশনায়, নাটকটি প্রকাশিত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ নামের একেবারে নতুন ইউটিউব চ্যানেলে, যার সাবস্ক্রাইবার ছিল শূন্য। মাত্র দুই দিনেই নাটকটি অর্জন করেছে ২৬ লাখেরও বেশি ভিউ।

নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন এবং এটি অনুপ্রাণিত হয়েছে কথাসাহিত্যিক সাদাত হোসাইনের গল্প ‘বিলবোর্ড’ থেকে। এই অল্প সময়ে নাটকটি কেবল দর্শকদের দৃষ্টি কাড়েনি, বরং তাদের ভালোবাসাও অর্জন করেছে। নির্মাতা বলেন, “একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল থেকেও যে এমন সাড়া পাওয়া যাবে, ভাবিনি। এটা প্রমাণ করে, দর্শকদের ভালোবাসা কতটা শক্তিশালী।”

নাটকটির মন্তব্য ঘরে ইতিমধ্যেই জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি ইতিবাচক মন্তব্য এবং চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। ‘প্রিয় প্রজাপতি’ একটি অফিসগামী বাসে যাতায়াতকারী কর্মজীবী মানুষের জীবন, কর্মক্ষেত্র এবং দুই সহকর্মীর মধ্যকার প্রেম-ভালোবাসা ও খুনসুটির গল্প।

নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নাটকটির আবেগঘন গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব এবং কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের সমন্বয়ে ‘প্রিয় প্রজাপতি’ ঈদের বিনোদনে এক নতুন মাত্রা যোগ করেছে।

This post was viewed: 164

আরো পড়ুন