Skip to main content

Ridge Bangla

লিভার সিরোসিস রোগে আক্রান্ত অভিনেত্রী সানা

‘বিগ বস ওটিটি’ সিজন ৩-এর বিজয়ী ও জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল গুরুতর অসুস্থ হয়ে ঈদের দিনেই মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছিলেন, তবে সাম্প্রতিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা পরীক্ষার পর নিশ্চিত করেন—তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।

হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানা বলেন, “আমার লিভার গুরুতরভাবে আক্রান্ত। চিকিৎসকেরা চাইছেন যেন লিভার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত না গড়ায়, তাই তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি ইমিউনোথেরাপি শুরু করেছি—এটা ক্লান্তিকর, কষ্টদায়ক, কিন্তু আমি আশাবাদী।”

তিনি জানান, এই রোগ হঠাৎ করে হয়নি, দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি হঠাৎ করেই অবনতি ঘটে, যার ফলে তার একাধিক কাজ বন্ধ হয়ে গেছে। সানার ভাষায়, “যখন মনে হচ্ছিল সবকিছু গুছিয়ে আনছি, তখনই শরীর আর সাড়া দিচ্ছে না।”

শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক ও আর্থিক সংগ্রামের কথাও অকপটে জানিয়েছেন সানা। “নিজেকেই নিজে সামলাতে হয়, সেটাই সবচেয়ে কঠিন। আমি প্রতিদিন লড়ছি—কখনো কাঁদি, কখনো হাসি, কিন্তু থেমে যাই না,” বলেন এই অভিনেত্রী।

সবশেষে তিনি বলেন, “আমার পরিবারই আমার সবচেয়ে বড় শক্তি। ওদের পাশে না থাকলে এই লড়াই অসম্ভব হতো।” বর্তমানে চিকিৎসার পাশাপাশি বেঁচে থাকার জন্য জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন সানা।

This post was viewed: 47

আরো পড়ুন