Skip to main content

Ridge Bangla

বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, ৩৫ লাখ পেইড ভিউ!

ঈদুল আজহায় মুক্তি পাওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। নির্মাতা কাজল আরেফিন অমি ঈদের রাতেই বঙ্গ অ্যাপে একসঙ্গে ৮টি পর্ব মুক্তির ঘোষণা দিলে প্রি-বুকিংয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। সেই আগ্রহই পরে রূপ নেয় রেকর্ড ভিউ এবং ওয়াচ টাইমে।

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ জানিয়েছে, বিশ্বের শতাধিক দেশ থেকে দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখেছেন এবং এটি পেয়েছে রেকর্ড ব্রেকিং ওপেনিং। নাটকটি ৩৫ লাখের বেশি পেইড ভিউ অর্জন করেছে এবং পেইড ওয়াচ টাইম ছাড়িয়েছে ২ কোটি ৫০ লাখ মিনিট—যা বাংলাদেশের ওয়েব কনটেন্ট ইতিহাসে প্রথমবারের মতো।

এর আগে ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল কাজল আরেফিন অমির আরেক জনপ্রিয় নির্মাণ ‘ফিমেল ৪’-এর দখলে। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ সেই রেকর্ডকে তিনগুণ ছাড়িয়ে গেছে। প্রথমবারের মতো পুরো সিজন একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

এই সিজন ১৫টি চ্যাপ্টারে বিভক্ত ১২০টি পর্ব নিয়ে এসেছে, যার সিজন পাস পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়। আরও রয়েছে দুটি প্যাকেজ—৭৫ টাকায় ২ মাসের প্যাক (১৬টি পর্ব) এবং ৪০ টাকায় মিনি প্যাক (৮টি পর্ব)।

অভিনয়ে ছিলেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পারসা ইভানা, ইশতিয়াক আহমেদ রুমেল, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা ও মনিরা মিঠু।

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “এই অর্জন কেবল আমার বা বঙ্গের না, গোটা দেশের ওটিটি ইন্ডাস্ট্রির সাফল্য। এটা প্রমাণ করে আমাদের কনটেন্ট বিশ্ববাজারেও জায়গা করে নিচ্ছে।”

This post was viewed: 60

আরো পড়ুন