Skip to main content

Ridge Bangla

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

বাংলা চলচ্চিত্রের উদীয়মান ও প্রতিভাবান অভিনেত্রী তানিন সুবাহ আর নেই। মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা। মৃত্যুর আগে বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন সুবাহ। চিকিৎসকরা গত রোববার তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করলেও পরিবারের অনুরোধে তখনও লাইফ সাপোর্ট চালু রাখা হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হৃদযন্ত্র সামান্য সচল থাকলেও মস্তিষ্কে আর কোনো প্রতিক্রিয়া ছিল না। স্বামীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় লাইফ সাপোর্ট অব্যাহত রাখা হয়। শেষমেশ মঙ্গলবার রাতেই তার মৃত্যু নিশ্চিত হয়।

তানিন সুবাহ গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। পরে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে অবস্থা সংকটাপন্ন হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

২০১২ সালের ১ জানুয়ারি ‘ক্লোজআপ ওয়ান’ অডিশনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন সুবাহ। প্রথমে গানের মাধ্যমে আলোচনায় আসলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান তিনি।

তার চলচ্চিত্র অভিষেক ঘটে ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমার মাধ্যমে, যদিও সেটি মুক্তি পায়নি। এরপর ‘মাটির পরী’, ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’, ‘রাজা রানির গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

This post was viewed: 71

আরো পড়ুন